দক্ষিণ সিরিয়ায় মার্কিন-সিরীয় যৌথ অভিযানে আইএসের ১৫টি অস্ত্রাগার ধ্বংস
দক্ষিণ সিরিয়ায় সন্ত্রাসবাদবিরোধী অভিযানে আইএসের অন্তত ১৫টি অস্ত্রাগার ধ্বংস করেছে মার্কিন-সিরীয় যৌথ বাহিনী। বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম।
বিবৃতিতে বলা হয়, ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলা এ অভিযানে যৌথ বাহিনী মর্টার ও রকেটসহ ১৩০টির বেশি ভারী অস্ত্র, বিপুলসংখ্যক অ্যাসল্ট রাইফেল, মেশিনগান, ট্যাংক-বিধ্বংসী মাইন এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে আইএস দমনে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে যোগদানের সিদ্ধান্ত ঘোষণা করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা।
২০১৩ সালে সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে উত্থান ঘটে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের। মাত্র এক বছরের মধ্যে তারা দক্ষিণ সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ অঞ্চল দখল করে শক্তিশালী কট্টরপন্থি সংগঠনে পরিণত হয়।