অবৈধভাবে প্রবেশকারী অভিবাসীদের মোবাইল উদ্ধার করতে পোশাক খোলার নির্দেশ দিতে পারবে ব্রিটিশ পুলিশ
অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করা অভিবাসীদের কাছ থেকে মোবাইল ফোন বা সিম কার্ড উদ্ধার করার জন্য পুলিশ এখন তাদের কোট, জ্যাকেট বা দস্তানা খুলতে বলার ক্ষমতা পাবে। প্রয়োজন হলে মুখের ভেতরও তল্লাশি চালাতে পারবে পুলিশ। সোমবার ব্রিটিশ সরকার নতুন এই নীতির ঘোষণা দিয়েছে।
সরকার জানিয়েছে, মূলত ইংলিশ চ্যানেল পাড়ি দিতে মানবপাচারকারীদের সহযোগিতা নিয়ে যারা ব্রিটেনে প্রবেশ করে, তাদের যাত্রাপথ এবং পাচারকারীদের কার্যক্রম সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতেই এই ক্ষমতা বাড়ানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পাচারচক্রগুলো ফ্রান্স থেকে ছোট নৌকায় অভিবাসী পাঠাতে মোবাইল ফোন, যোগাযোগ মাধ্যম এবং সামাজিক মাধ্যম ব্যবহার করে থাকে। চলতি বছর এসব বিপজ্জনক যাত্রার সংখ্যা রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে।
নতুন আইনটি দ্রুত ‘রয়্যাল অ্যাসেন্ট’ পেতে পারে, যা শুধু একটি সাংবিধানিক আনুষ্ঠানিকতা। এর আগে পুলিশ কেবল গ্রেপ্তারের পর মোবাইল ফোন তল্লাশি করতে পারত। কিন্তু নতুন ক্ষমতা কার্যকর হলে প্রয়োজনীয় তথ্য আরও দ্রুত সংগ্রহ করা হবে।
বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন শাবানা মাহমুদ।
সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ব্রিটিশ নাগরিকরা অর্থনীতির চেয়ে অভিবাসনকে এখন বড় উদ্বেগ হিসেবে দেখছেন। এমনকি আশ্রয়প্রার্থীদের হোটেলে রাখার সিদ্ধান্তের বিরুদ্ধেও বিক্ষোভ হচ্ছে।
তবে মানবাধিকার সংগঠনগুলো নতুন নীতিকে কঠোর ও অমানবিক বলে দাবি করেছে। ফ্রিডম ফ্রম টরচার–এর আশ্রয় ও অ্যান্টি-টরচার অধিকার প্রধান সাইল রেইনল্ডস জানান, বিপজ্জনক সমুদ্রযাত্রা শেষে মানসিকভাবে বিপর্যস্ত অভিবাসীদের এভাবে তল্লাশি করা অমানবিক আচরণের শামিল।
সূত্র: রয়টার্স