সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › মস্কোতে পুতিন–ট্রাম্প প্রতিনিধিদলের পাঁচ ঘণ্টার বৈঠকেও শান্তিচুক্তিতে বড় অগ্রগতি নেই

মস্কোতে পুতিন–ট্রাম্প প্রতিনিধিদলের পাঁচ ঘণ্টার বৈঠকেও শান্তিচুক্তিতে বড় অগ্রগতি নেই

favicon
অনলাইন সংস্করণ
মস্কোতে পুতিন–ট্রাম্প প্রতিনিধিদলের পাঁচ ঘণ্টার বৈঠকেও শান্তিচুক্তিতে বড় অগ্রগতি নেই

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র প্রতিনিধিদের মধ্যে পাঁচ ঘণ্টা আলোচনা হলেও ইউক্রেন যুদ্ধবিরতি বা শান্তিচুক্তি বিষয়ে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ক্রেমলিনের মুখপাত্র জানান, বৈঠকটি ‘গঠনমূলক’ হলেও রাশিয়ার কাছে কিছু প্রস্তাব গ্রহণযোগ্য নয়।


বৈঠকে উপস্থিত ছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাই জ্যারেড কুশনার। কয়েক সপ্তাহের কূটনৈতিক প্রচেষ্টার পর এই উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। তবে মার্কিন প্রতিনিধিদল মস্কো ছাড়ার পর কোনো মন্তব্য করেনি।


বৈঠকের আগে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র–সমর্থিত শান্তি পরিকল্পনায় করা নতুন পরিবর্তনগুলো রাশিয়ার জন্য গ্রহণযোগ্য নয়। তিনি হুঁশিয়ারি দেন, “ইউরোপ যদি যুদ্ধ শুরু করতে চায়, আমরা প্রস্তুত।” উল্লেখ্য, নভেম্বর মাসে ফাঁস হওয়া শান্তি পরিকল্পনাটি আগে রাশিয়ার অনুকূল বলে মনে করা হয়েছিল, তবে সাম্প্রতিক সংশোধন এতে পরিবর্তন এনেছে।


বৈঠক শেষে পুতিনের সহকারী ইউরি উশাকভ জানান, কিছু বিষয়ে সমঝোতার সম্ভাবনা থাকলেও অনেক বিষয়ে ক্রেমলিন আপত্তি জানিয়েছে। তিনি বলেন, “এখনো কোনো চূড়ান্ত সমঝোতার খসড়া হয়নি… অনেক কাজ বাকি।” মস্কো–কিয়েভ বিরোধের মূল বিষয়গুলো—বিশেষ করে ইউক্রেনের দখলকরা অঞ্চল এবং ইউরোপীয় নিরাপত্তা নিশ্চয়তা—এখনো অমীমাংসিত।


পুতিন এর আগে ইউরোপীয় নেতাদের সমালোচনা করে বলেন, তারা ভুলভাবে বিশ্বাস করেন যে রাশিয়ার কৌশলগত পরাজয় ঘটানো সম্ভব। তিনি আরও বলেন, “আমরা যুদ্ধ চাই না, তবে ইউরোপ যদি শুরু করে, রাশিয়া প্রস্তুত।”


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশা প্রকাশ করেছেন যে, মার্কিন প্রতিনিধিরা বৈঠক শেষে তাকে অবহিত করবে। তবে উইটকফ বা কুশনার কিয়েভ বা অন্য ইউরোপীয় রাজধানীতে আরও আলোচনায় যাবেন কি না, তা এখনো পরিষ্কার নয়।


আইরিশ সফরে জেলেনস্কি বলেন, “এখনই যুদ্ধ শেষ করার সুযোগ রয়েছে, তবে কিছু প্রস্তাব এখনো আলোচনাধীন।” তিনি পুনরায় স্পষ্ট করেন, ইউক্রেন তার নিরাপত্তা নিশ্চয়তা—বিশেষ করে ন্যাটো সদস্যপদ—চাইবে, যা রাশিয়া এবং ট্রাম্প উভয়ই প্রত্যাখ্যান করেছেন।


জেলেনস্কি আরও বলেন, “এমনভাবে যুদ্ধ শেষ করতে হবে যাতে এক বছর পর রাশিয়া আবার আক্রমণ না করে।” সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই দফা আলোচনায় অংশ নেন।


হোয়াইট হাউস জানিয়েছে, প্রস্তাবটি “ভালোভাবে সংশোধন করা হয়েছে”, তবে আপডেট করা পরিকল্পনার বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি।


এদিকে পুতিন তার মূল দাবিগুলোতে অনড় রয়েছেন এবং জেলেনস্কি আগের মতোই স্পষ্ট করেছেন যে, তিনি পূর্ব ইউক্রেনের অঞ্চল ছাড়বেন না। ওয়াশিংটনে নিজের মন্ত্রিসভার কাছে ট্রাম্পও স্বীকার করেন যে, “এই সংঘাত সমাধান করা সহজ নয়।”


সূত্র: বিবিসি