চীনের জিনজিয়াংয়ে ৬.০ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে, আজ বৃহস্পতিবার জিনজিয়াং অঞ্চলে ৬.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
সিইএনসি জানায়, দুপুর ৩টা ৪৪ মিনিটে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে কিরগিজস্তান-জিনজিয়াং সীমান্তের কাছে অবস্থিত আক্কি কাউন্টির নিকটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো হতাহত বা ভবন ধসের খবর পাওয়া যায়নি।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের পরেও ওই কাউন্টিতে পরিবহন, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থায় কোনো বাধা সৃষ্টি হয়নি এবং সবকিছু স্বাভাবিকভাবে চলছে।
সূত্র: রয়টার্স