সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › আংশিকভাবে সীমান্ত খুলল পাকিস্তান, জাতিসংঘের ত্রাণ যাবে আফগানিস্তানে

আংশিকভাবে সীমান্ত খুলল পাকিস্তান, জাতিসংঘের ত্রাণ যাবে আফগানিস্তানে

favicon
অনলাইন সংস্করণ
আংশিকভাবে সীমান্ত খুলল পাকিস্তান, জাতিসংঘের ত্রাণ যাবে আফগানিস্তানে

পাকিস্তান সীমান্ত দিয়ে সাময়িকভাবে আফগানিস্তানে জাতিসংঘের ত্রাণবাহী সামগ্রী পাঠানোর অনুমতি দিয়েছে। অক্টোবর মাসে দুই দেশের সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর এই প্রথম আংশিক সীমান্ত খোলার সিদ্ধান্ত এসেছে।


২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকেই আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক উত্তপ্ত। পাকিস্তান অভিযোগ করে আসছে যে, আফগানিস্তান সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানে হামলা চালায়। তবে তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে।


পাকিস্তান সরকারের এক কর্মকর্তা জানান, জাতিসংঘের বিভিন্ন সংস্থার আনুষ্ঠানিক অনুরোধের পর সীমিত মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। তিনি গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় পরিচয় প্রকাশ করতে চাননি।


ত্রাণের মধ্যে থাকবে খাদ্য, ওষুধ, চিকিৎসা সামগ্রী এবং স্বাস্থ্য ও শিক্ষা–সংক্রান্ত জরুরি সরঞ্জাম। এসব ত্রাণ তিন ধাপে পাঠানো হবে, তবে প্রথম ধাপ কবে শুরু হবে তা এখনও জানা যায়নি।


জাতিসংঘের এক কর্মকর্তাও নিশ্চিত করেছেন যে খুব শিগগিরই এসব ত্রাণ আফগানিস্তানে প্রবেশ করতে পারবে।


অক্টোবরের সংঘর্ষের পর সীমান্ত বন্ধ রয়েছে। একমাত্র পাকিস্তান থেকে বহিষ্কৃত আফগান নাগরিকদেরই দেশে ফেরার অনুমতি দেওয়া হচ্ছে।


পাকিস্তানি কর্মকর্তা জানান, এই সিদ্ধান্ত শুধুমাত্র মানবিক সহায়তার জন্য শর্তসাপেক্ষভাবে নেওয়া হয়েছে। সাধারণ বাণিজ্য, যাতায়াত বা আফগান ট্রানজিট ট্রেড এখনও চালু হয়নি।


গত ১২ অক্টোবর সীমান্তে গুলি বিনিময়ের ঘটনায় অনেক আফগান ট্রাক আটকে পড়ে এবং বিপুল পণ্য নষ্ট হয়ে যায়। যদিও পরে নাজুক যুদ্ধবিরতি হয়, তবুও ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হয়নি। পাকিস্তান–আফগানিস্তান জয়েন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জানিয়েছে, দুই দেশের আর্থিক ক্ষতি ১০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে।


সূত্র: ডন নিউজ, আরব নিউজ, এএফপি