সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › রাশিয়া থেকে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত পুতিন

রাশিয়া থেকে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত পুতিন

favicon
অনলাইন সংস্করণ
রাশিয়া থেকে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত পুতিন

ভারতকে তেল কেনা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন, নয়াদিল্লিকে তিনি ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি সরবরাহ চালিয়ে যেতে প্রস্তুত। শুক্রবার নয়াদিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।


পুতিন বলেন, “রাশিয়া তেল, গ্যাস, কয়লা—ভারতের জ্বালানি উন্নয়নে প্রয়োজনীয় সবকিছুই নির্ভরযোগ্যভাবে সরবরাহ করে আসছে। দ্রুত বিকাশমান ভারতীয় অর্থনীতির জন্য আমরা এই সরবরাহ আরও বাড়াতে প্রস্তুত।”


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বেশিরভাগ ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। ওয়াশিংটনের দাবি, নয়াদিল্লির রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত থাকায় সেই অর্থ ইউক্রেন যুদ্ধ পরিচালনায় রাশিয়াকে সহায়তা করছে।


মোদি বৈঠকে পুতিনকে ভারতের প্রতি তার “অবিচল অঙ্গীকার” ও দীর্ঘদিনের সম্পর্ক রক্ষার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা দুই দেশের কৌশলগত অংশীদারত্বের অন্যতম প্রধান স্তম্ভ। তবে তেলের বিষয়টি মোদি সরাসরি উল্লেখ করেননি।


এদিন কর্মসংস্থান, স্বাস্থ্য, জাহাজ চলাচল ও রাসায়নিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে একগুচ্ছ চুক্তি সম্পন্ন হয়। মোদি জানান, ভারত–রাশিয়া সম্পর্ককে আরও এগিয়ে নিতে তারা ২০৩০ সাল পর্যন্ত অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়েও একমত হয়েছেন। এর মাধ্যমে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ আরও বৈচিত্র্যময় ও টেকসই হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।