যুক্তরাষ্ট্রে কঠোর নজরদারি: এক বছরে রেকর্ডসংখ্যক ৩,২৫৮ ভারতীয়কে ফেরত পাঠানো
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ৩ হাজার ২৫৮ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে—বৃহস্পতিবার রাজ্যসভায় দেওয়া পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের তথ্য অনুযায়ী, ২০০৯ সালের পর এক বছরে এটি সবচেয়ে বেশি সংখ্যা। তিনি জানান, ২০০৯ সাল থেকে মোট ১৮ হাজার ৮২২ জন ভারতীয়কে যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়েছে। তাদের মধ্যে ২ হাজার ৩২ জন বাণিজ্যিক ফ্লাইটে এবং ১ হাজার ২২৬ জনকে মার্কিন কর্তৃপক্ষের বিশেষ চার্টার বিমানে দেশে পাঠানো হয়েছে।
জয়শঙ্কর আরও জানান, গত বছর ফেরত পাঠানো হয়েছিল ১ হাজার ৩৬৮ জনকে; তার আগের বছর ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৬১৭। পিউ রিসার্চ সেন্টারের হিসাবে, যুক্তরাষ্ট্রে বর্তমানে আনুমানিক সাত লাখ ২৫ হাজার ভারতীয় নথিহীন অভিবাসী বসবাস করছে—যা মেক্সিকো ও এল সালভাদরের পর তৃতীয় সর্বোচ্চ।
তিনি বলেন, নির্বাসন প্রক্রিয়ায় ভারত মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে, যাতে কারও পরিচয় যাচাই ছাড়া তাকে ফেরত না পাঠানো হয়। সাধারণত যেসব ব্যক্তিকে বহিষ্কার করা হচ্ছে, তারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, বৈধ নথি নেই, অথবা অপরাধমূলক সাজা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর নথিপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আরও কঠোর অবস্থান নেয়। তারই ধারাবাহিকতায় প্রায় ১৮ হাজার ভারতীয়কে অবৈধ প্রবেশকারী হিসেবে শনাক্ত করা হয় এবং চলতি বছরের ফেব্রুয়ারি থেকে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। প্রথম দফায় একটি মার্কিন সামরিক বিমানে শতাধিক ভারতীয়কে ফেরত পাঠানো হয়, যেখানে কয়েকজনের হাত-পা শিকল পরানো ছিল বলে জানা যায়।
(সূত্র: এনডিটিভি)