সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › বাবরি মসজিদের নামে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর আজ বেলডাঙায়; উত্তেজনা রোধে কড়া নির্দেশ হাইকোর্টের

বাবরি মসজিদের নামে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর আজ বেলডাঙায়; উত্তেজনা রোধে কড়া নির্দেশ হাইকোর্টের

favicon
অনলাইন সংস্করণ
বাবরি মসজিদের নামে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর আজ বেলডাঙায়; উত্তেজনা রোধে কড়া নির্দেশ হাইকোর্টের

অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় আজ (শনিবার) ‘বাবরি মসজিদ’ নামের একটি নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। ঘটনাকে ঘিরে যেন কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা না ছড়ায়, সে বিষয়ে রাজ্য সরকারকে কঠোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।


শনিবার দুপুর ১২টায় ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান শুরু হবে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।


হুমায়ুন কবীর শুক্রবার সংবাদ সম্মেলনে বলেন, রেজিনগরে প্রস্তাবিত ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ যোগ দেবেন। মসজিদ নির্মাণে প্রায় তিন বছর সময় লাগবে এবং এর ব্যয় বহন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। তিনি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশের সহযোগিতাও চান।


নিরাপত্তার অংশ হিসেবে সিআইএসএফের ১৯টি কম্পানি এলাকায় অবস্থান করছে। র‌্যাফের ইউনিটসহ প্রায় ৩,৫০০ জন নিরাপত্তাকর্মী রেজিনগর ও আশপাশের এলাকায় মোতায়েন রয়েছে। পাশাপাশি ১২ নম্বর জাতীয় সড়কের নিরাপত্তায় বিএসএফের দুটি কম্পানিও প্রস্তুত রাখা হয়েছে।


বেলডাঙা ব্লক-১–এ অনুষ্ঠানের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। আবেদনে বলা হয়, এই আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং হুমায়ুন কবীরের বক্তব্য উত্তেজনা সৃষ্টি করতে পারে।


ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে, রাজ্য সরকারকে আইন–শৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখতে হবে এবং সাধারণ মানুষের জীবন–সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ভাঙা হয়। পরে সুপ্রিম কোর্টের রায়ে সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়।

সূত্র: দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস