পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের গোলাগুলি, দুই দেশের মাঝে উত্তেজনা বৃদ্ধি
পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনীর মধ্যে সীমান্ত এলাকায় আবারও তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি বিনিময় হয়, যা সীমান্ত পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।
আফগান তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেন, পাকিস্তানি সেনারা কান্দাহারের স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে। তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে দাবি করা হয়, চামান সীমান্তে আফগান বাহিনীই বিনা উসকানিতে হামলা শুরু করেছে।
এর মধ্যেই দু’দিন আগে সৌদি আরবে অনুষ্ঠিত বৈঠকে কাবুল ও ইসলামাবাদের প্রতিনিধিরা আলোচনায় বসেন। তবে কোনো অগ্রগতি ছাড়াই শান্তি আলোচনা শেষ হয়, যা দুই দেশের সম্পর্কের টানাপোড়েন আরও বাড়িয়ে দিয়েছে।