সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › নারী অধিকার লঙ্ঘনের অভিযোগে চার তালেবান কর্মকর্তার ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

নারী অধিকার লঙ্ঘনের অভিযোগে চার তালেবান কর্মকর্তার ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

favicon
অনলাইন সংস্করণ
নারী অধিকার লঙ্ঘনের অভিযোগে চার তালেবান কর্মকর্তার ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

আফগানিস্তানে নারী ও মেয়েদের মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে চার তালেবান কর্মকর্তার ওপর আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। শনিবার দেশটির সরকার এই নিষেধাজ্ঞা ঘোষণা করে।


অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, এই কর্মকর্তারা তালেবান শাসনে নারী ও মেয়েদের ওপর নিপীড়ন এবং আইনের শাসন দুর্বল করার সঙ্গে জড়িত। ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে অস্ট্রেলিয়া প্রায় দুই দশক আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে অভিযান চালায় এবং ২০২১ সালের আগস্টে তাদের সেনা প্রত্যাহার সম্পন্ন করে।


ক্ষমতায় ফেরার পর থেকে তালেবান সরকার নারী শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অংশগ্রহণে কঠোর বিধিনিষেধ আরোপ করে আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনার মুখে পড়ে। পেনি ওং এক বিবৃতিতে জানান, নিষেধাজ্ঞা তিন তালেবান মন্ত্রী ও গোষ্ঠীর প্রধান বিচারপতিকে লক্ষ্য করে আরোপ করা হয়েছে, যারা নারীদের শিক্ষা, কর্মসংস্থান এবং চলাচলের স্বাধীনতা সীমিত করার দায়ে অভিযুক্ত।


তিনি আরও বলেন, নতুন নীতি কাঠামো অনুযায়ী অস্ট্রেলিয়া সরাসরি তালেবানের ওপর এই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে পারছে, যা নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর অংশ।


তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর যুদ্ধবিধ্বস্ত দেশটি গভীর সংকটে পড়ে এবং অস্ট্রেলিয়া ইতোমধ্যে হাজারো আফগান উদ্বাস্তু— বিশেষ করে নারী ও শিশু—কে আশ্রয় দিয়েছে। বর্তমানে আফগানিস্তানের অধিকাংশ মানুষই মানবিক সাহায্যের ওপর নির্ভরশীল।


সূত্র: রয়টার্স