সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › রাফাহে ইসরায়েলি গুলিতে দুই ফিলিস্তিনি নিহত, বৃষ্টিতে ডুবছে বাস্তুচ্যুতদের তাবু

রাফাহে ইসরায়েলি গুলিতে দুই ফিলিস্তিনি নিহত, বৃষ্টিতে ডুবছে বাস্তুচ্যুতদের তাবু

favicon
ভোরের আলো ডেস্ক:

গাজার রাফাহ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার ঘটনার বিষয়টি আল জাজিরা আরবি নিশ্চিত করেছে বলে জানিয়েছে মিডল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা বর্তমানে গাজা উপত্যকার প্রায় ৫৮ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে রেখেছে, যার মধ্যে রাফাহও রয়েছে।


রাফাহ সীমান্ত শহরের উপকণ্ঠে ইসরায়েলি সৈন্যদের গুলিতে দুইজন ফিলিস্তিনির মৃত্যু ঘটে। এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ভারি বৃষ্টিতে বাস্তুচ্যুত মানুষের ডজনখানেক তাবু প্লাবিত হয়েছে বলে আরবি গণমাধ্যম জানিয়েছে।


রাফাহ সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষদের কাছ থেকে তারা অসংখ্য জরুরি কল পাচ্ছেন। অনেক পরিবার তাবুর ভেতরেই বন্যার পানিতে আটকা পড়ে আছে।


ইসরায়েলের অব্যাহত হামলায় গাজার প্রায় পুরো জনসংখ্যাই বাস্তুচ্যুত। ধ্বংসস্তূপে পরিণত হওয়া অঞ্চলটি পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন ডলার লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুই মাসেরও বেশি সময় ধরে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাস্তুচ্যুতদের জন্য টেকসই অস্থায়ী আশ্রয় নির্মাণ এখনো শুরু হয়নি।