যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হচ্ছেন ডেলসি রদ্রিগেজ
যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান উপেক্ষা করেই ভেনেজুয়েলার প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। রোববার (৪ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ।
এরই মধ্যে ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছে ভেনেজুয়েলার সর্বোচ্চ আদালত। স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) রাতে এই নির্দেশনা দেন বিচারপতি তানিয়া ডি’অ্যামেলি।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে বিচারপতি তানিয়া বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয় বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট অনুপস্থিত বা দায়িত্ব পালনে অক্ষম হলে ভাইস প্রেসিডেন্টই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।