ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমালোচনায় চীনের সুরে জার্মানি
ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার ঘটনায় যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনায় এবার চীনের সঙ্গে সুর মিলিয়েছে জার্মানি। মার্কিন পররাষ্ট্রনীতির বিরুদ্ধে সরব হয়ে জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টেইনমেয়ার বলেছেন, যুক্তরাষ্ট্র বৈশ্বিক শৃঙ্খলব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
স্টেইনমেয়ার বলেন, “বিশ্ব ব্যবস্থা যেন ভেঙে পড়ে ‘লুটের আড্ডায়’ পরিণত না হয় এবং নীতিহীন শক্তিগুলো যেন ইচ্ছেমতো দখলদারিত্ব চালাতে না পারে—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।” যদিও তিনি সরাসরি ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের কথা উল্লেখ করেননি, তবে বিশ্লেষকদের মতে তার বক্তব্যের ইঙ্গিত স্পষ্টভাবেই সেই ঘটনার দিকেই।
এর আগে ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একই ধরনের কঠোর অবস্থান নিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, “একতরফা আধিপত্যবাদ আন্তর্জাতিক শৃঙ্খলাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।”
শি জিনপিং আরও বলেন, বর্তমান বিশ্ব এক শতাব্দীতে না দেখা পরিবর্তন ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় কোনো দেশের জনগণ যে উন্নয়নের পথ বেছে নেয়, তা সম্মান করা সব রাষ্ট্রের দায়িত্ব। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদ মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বিশেষ করে বৃহৎ শক্তিগুলোকে দায়িত্বশীল ভূমিকা রাখার কথা বলেন।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। ঘটনার পর থেকেই চীন এ বিষয়ে ধারাবাহিকভাবে প্রতিবাদ জানিয়ে আসছে এবং তাদের অবিলম্বে মুক্তির দাবি তুলেছে।
চীনের এই অবস্থানের পর এবার জার্মানির প্রেসিডেন্টও যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করলেন। আন্তর্জাতিক অঙ্গনে এ নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।