ইউএইতে দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা, দেশে ফিরেছেন সবাই
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দণ্ডিত ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাস রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউএইর প্রেসিডেন্ট মানবিক বিবেচনায় ওই বাংলাদেশিদের ক্ষমা করার সিদ্ধান্ত নেন। ক্ষমা পাওয়ার পর সবাইকে মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
দূতাবাস জানায়, ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে চলমান আন্দোলনের সময় ইউএইতে কর্মসূচি পালন করায় দেশটির আইন লঙ্ঘনের অভিযোগে এসব বাংলাদেশিকে গ্রেপ্তার ও বিচার করা হয়েছিল।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের জুলাইয়ের ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে দণ্ডিত বাংলাদেশিদের ক্ষমা করার জন্য ইউএই সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল। এরই ধারাবাহিকতায় এই ক্ষমার সিদ্ধান্ত আসে।
ইউএই দূতাবাস আরও জানায়, এই মানবিক উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের করুণা, সহনশীলতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে এটি বাংলাদেশ ও ইউএইর মধ্যে বিদ্যমান গভীর ও ভ্রাতৃসুলভ সম্পর্কেরও প্রমাণ।
এর আগেও সংযুক্ত আরব আমিরাতে বিরল এক প্রতিবাদে অংশগ্রহণের দায়ে দণ্ডিত বাংলাদেশিদের কয়েক দফায় ক্ষমা করা হয়েছে। এসব উদ্যোগ ইউএইর মানবিক দৃষ্টিভঙ্গি এবং প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মহানুভবতা ও উদারতার পরিচয় বহন করে।