নতুন বাজারের খোঁজে চীন: ইউরোপে শেইন–টেমুর বিস্তার, বাড়ছে বিরোধ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র বাণিজ্য বিরোধের প্রেক্ষাপটে চীন এখন তাদের কমদামি পণ্যের জন্য নতুন বাজার খুঁজছে। এই কৌশলের অংশ হিসেবে সাম্প্রতিক মাসগুলোতে শেইন ও টেমুর মতো চীনা ই-কমার্স জায়ান্টগুলো ইউরোপের বাজারে আক্রমণাত্মকভাবে প্রবেশ করেছে। তবে দ্রুত এই সম্প্রসারণ ইউরোপের বিভিন্ন দেশে প্রবল প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে ইউরোপে চীনা পণ্যের আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই প্রবাহের অগ্রভাগে রয়েছে শেইন—স্বল্পমূল্যের দ্রুত ফ্যাশনের জন্য পরিচিত একটি ব্র্যান্ড।
গত নভেম্বর মাসে শেইন ইউরোপে তাদের প্রথম স্থায়ী স্টোর চালু করে প্যারিসের একটি জনপ্রিয় ডিপার্টমেন্ট স্টোরে। উদ্বোধনের দিন সেখানে চরম বিশৃঙ্খলা দেখা যায়। একদিকে বিপুল সংখ্যক ক্রেতা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কেনাকাটা করছিলেন, অন্যদিকে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা শেইনের বিরুদ্ধে বিক্ষোভে নামেন।
পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে অনেক ফরাসি খুচরা ব্যবসায়ী ও রাজনীতিবিদ প্রকাশ্যে ক্ষোভ জানান। কয়েকটি ডিপার্টমেন্ট স্টোরের কর্মীরা ধর্মঘট ও প্রতিবাদে অংশ নিয়ে একদিনের জন্য কাজ বন্ধ রাখেন। শুধু স্টোর খোলার ঘোষণাই প্যারিসসহ পুরো ফ্রান্সজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বিশ্লেষকদের মতে, ইউরোপে সস্তা চীনা পণ্যের এই দ্রুত প্রবাহের পেছনে প্রধান কারণ হলো যুক্তরাষ্ট্রে নতুন শুল্ক (ট্যারিফ) কার্যকর হওয়া। এসব শুল্কের ফলে যুক্তরাষ্ট্রে আগের মতো পণ্য বিক্রি করা কঠিন হয়ে পড়ায় চীন বিকল্প বাজার হিসেবে ইউরোপকে বেছে নিয়েছে—যেখানে বিপুল পরিমাণ পণ্য দ্রুত সরবরাহ করা সম্ভব।