বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করি: তারেক রহমান

ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করি: তারেক রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করি: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিনি ক্ষমতার জন্য নয়, দেশের মানুষের কল্যাণের লক্ষ্যেই রাজনীতি করেন। তিনি বলেন, ‘আমি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান—এটি আমার পরিচয়। তবে এর চেয়েও বড় পরিচয়, আমি আপনাদেরই সন্তান। আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।’


রাজধানীর মহাখালী কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কড়াইল বস্তিবাসীর আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কড়াইল বস্তির আবাসন সমস্যা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে কাঁচা ঘরের জায়গায় বহুতল ভবন নির্মাণ করে সেখানে ফ্ল্যাটের ব্যবস্থা করা হবে এবং প্রত্যেক পরিবারকে নিজ নামে ফ্ল্যাট রেজিস্ট্রি করে দেওয়া হবে।


তিনি আরও জানান, ছোট ফ্ল্যাট নির্মাণের পাশাপাশি একটি ক্লিনিক স্থাপনের পরিকল্পনাও রয়েছে। রাজধানীর সবচেয়ে বড় এই বস্তিতে প্রায় ৪০ হাজার ঘরে নিম্ন আয়ের মানুষ বসবাস করেন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ধীরে ধীরে তাদের কষ্ট লাঘবে কাজ করবে।


দোয়া মাহফিলে তারেক রহমান কড়াইলবাসীর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, তাদের উন্নত শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধ ও ’২৪-এর আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।


অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল আয়োজনের জন্য কড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপি চেয়ারম্যান।


এদিকে, খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বনানীতেও পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পাশাপাশি একই দিনে রাশিয়া, সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে আসন্ন সংসদ নির্বাচন, গণতান্ত্রিক রূপান্তর এবং বিএনপির উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা হয়।