শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
হোমরাজনীতিমক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদান নিজস্ব সিদ্ধান্ত: শফিকুর রহমান

মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদান নিজস্ব সিদ্ধান্ত: শফিকুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদান নিজস্ব সিদ্ধান্ত: শফিকুর রহমান

মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়টি দেশের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জাতীয় স্বার্থে নেওয়া কোনো সিদ্ধান্ত নিয়ে অন্য কারও অস্বস্তিতে ভোগার কারণ নেই বলেও তিনি মন্তব্য করেন।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।


শফিকুর রহমান বলেন, মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদান একান্তই দেশের নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থ বিবেচনায় বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তা নিয়ে অন্য কারও অস্বস্তির কারণ নেই।


সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দিতে পারে—এমন আলোচনা চলছে। বিষয়টি নিয়ে দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে পক্ষে-বিপক্ষে নানা মতও উঠে এসেছে।


গত ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটি দেশ সামরিক হামলার শিকার হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।


এর আগে চলতি বছরের ১৯ মার্চ সৌদি আরবের রিয়াদে একটি ইসলামি সম্মেলনের সময় তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। সেখানে সম্ভাব্য যৌথ নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা হয়। প্রায় এক বছর আলোচনার পর মক্কায় চুক্তিটি স্বাক্ষরিত হয়।


চুক্তির মূল লক্ষ্যগুলোর একটি হলো, জোটভুক্ত কোনো একটি দেশ আক্রান্ত হলে অন্য দেশগুলো সহযোগিতায় এগিয়ে আসা। এর মাধ্যমে তিন দেশের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা সমন্বিতভাবে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।


এদিকে, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আগ্রহের কথা সম্প্রতি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, বাংলাদেশ এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে এবং বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে।