শহীদ আবু সাঈদের কবর জিয়ারত জামায়াত আমিরের, শহীদদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় জামায়াত আমির বলেন, আবু সাঈদের আত্মত্যাগের ঋণ পরিশোধ করা কারও পক্ষেই সম্ভব নয়। তবে সেই ঋণ শোধের চেষ্টা অব্যাহত রাখতে হবে। তার ভাষায়, শহীদরা জাতির কাছে একটি দায়িত্ব রেখে গেছেন—তাদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব।
আবু সাঈদসহ সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, শহীদদের স্বপ্ন ছিল বৈষম্যহীন ও অবিচারমুক্ত একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলা, যেখানে কোনো দুর্বৃত্ত বা দুষ্কৃতিকারী রাষ্ট্র পরিচালনার সুযোগ পাবে না। তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত, নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়াই ছিল শহীদদের মূল আকাঙ্ক্ষা।
তিনি আরও বলেন, শহীদদের সেই স্বপ্ন বাস্তবায়নে জামায়াতে ইসলামী লড়াই চালিয়ে যাবে এবং কোনো আপস করবে না।
যুবসমাজের উদ্দেশে জামায়াত আমির বলেন, ভবিষ্যতের নেতৃত্ব তরুণদের হাতেই তুলে দেওয়া হবে। তিনি আশ্বাস দেন, জামায়াত ক্ষমতায় গেলে তরুণদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলা হবে এবং পেছন থেকে তাদের সাহস ও সমর্থন দেওয়া হবে। একই সঙ্গে তিনি যুবকদের আহ্বান জানান, ভোটের অধিকার রক্ষায় জুলাইয়ের মতো আবারও ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামে নামতে।