তারেক রহমান: নারীদের প্রতি সম্মানহীন দল দেশের অগ্রগতিতে বাধা
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে দলের নেতার মা-বোনদের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে কখনও বাংলাদেশের অগ্রগতি আশা করা যায় না।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “বর্তমানে দেশে নতুন জালেমের আবির্ভাব ঘটেছে। গুপ্ত সংগঠনের লোকেরা নতুন জালেমে পরিণত হয়েছে। নতুন জালেমদের নেতা বাংলাদেশের নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করেছে। যে দলের নেতার মা-বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা ও সম্মান নেই, তাদের কাছ থেকে দেশ এগোবে না।”
তিনি আরও বলেন, “নারীদের পেছনে ফেলে, ঘরে আটকিয়ে রেখে কোনোভাবে দেশ গড়ার কাজ করা সম্ভব নয়। দেশ গড়তে হলে নারী-পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তা না হলে প্রত্যাশিত বাংলাদেশ তৈরি করা সম্ভব হবে না।”
বিএনপি চেয়ারম্যান বলেন, “গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল ব্যবহার করছে, বিভিন্ন প্রেসে জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নির্বাচনের আগে যারা অনৈতিক কাজ করে ভোটকে প্রভাবিত করছে, তারা কীভাবে সৎ শাসন কায়েম করতে পারবে? আইডি হ্যাকের নামে মিথ্যা অভিযোগের পেছনে যারা, তারা সৎ হতে পারে না।”
তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে কারো অধিকার যেন হাইজ্যাক না হয়, সে বিষয়ে সবাই সচেতন থাকুন।
তারেক রহমান আরও বলেন, বিএনপি ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিনাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে চায়। বরিশাল-ভোলা সেতু, ভোলায় মেডিকেল কলেজ স্থাপন এবং নদী ভাঙন সমস্যা সমাধানের জন্য ধানের শীষে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে।
তিনি নির্বাচিত হলে ১৩ ফেব্রুয়ারি থেকে আগামী পাঁচ বছর জনগণের পাশে থাকার নির্দেশ দেন এবং বলেন, “বিএনপি বিশ্বাস করে, জনগণই সকল ক্ষমতার উৎস।”