শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বজ্বালানি সংকটে কিউবা: ফ্লাইট বন্ধ, পর্যটন ও পরিবহন খাতে বিপর্যয়

জ্বালানি সংকটে কিউবা: ফ্লাইট বন্ধ, পর্যটন ও পরিবহন খাতে বিপর্যয়

favicon
ভোরের আলো ডেস্ক:
জ্বালানি সংকটে কিউবা: ফ্লাইট বন্ধ, পর্যটন ও পরিবহন খাতে বিপর্যয়

বিমান জ্বালানির তীব্র সংকটে কিউবার পর্যটন ও পরিবহন ব্যবস্থা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে কিউবার সঙ্গে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে কানাডার বৃহত্তম বিমান সংস্থা এয়ার কানাডা। বিমানবন্দরগুলোতে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা নিয়ে কিউবান সরকারের সতর্কতার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই পথ অনুসরণ করে কানাডার আরেক বিমান সংস্থা ওয়েস্টজেটও তাদের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে।


এয়ার কানাডা জানিয়েছে, বর্তমানে কিউবায় তাদের প্রায় ৩ হাজার যাত্রী অবস্থান করছেন। তাদের ফিরিয়ে আনতে বিশেষ খালি বিমান পাঠানো হচ্ছে। কিউবার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোতে বাণিজ্যিকভাবে জেট ফুয়েল পাওয়া যাবে না। ফলে আমেরিকান এয়ারলাইন্স ও ডেল্টা ফ্লাইট চালু রাখলেও ফেরার জন্য অতিরিক্ত জ্বালানি বহন করতে বাধ্য হচ্ছে।


স্পেনের আইবেরিয়া ও এয়ার ইউরোপা ফ্লাইটগুলো জ্বালানি নিতে ডোমিনিকান প্রজাতন্ত্রে যাত্রাবিরতি করছে। জ্বালানি সাশ্রয়ে কিউবা সরকার দেশজুড়ে কঠোর রেশনিং ব্যবস্থা চালু করেছে। হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসাকে অগ্রাধিকার দিয়ে অস্ত্রোপচার ও নিয়মিত চেকআপ সীমিত করা হয়েছে। স্কুল-কলেজের সময় কমানো হয়েছে এবং সরকারি কর্মীদের জন্য চার দিনের কর্ম সপ্তাহ চালু করা হয়েছে। রাজধানী হাভানায় অধিকাংশ পাবলিক বাস সার্ভিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।


এই সংকটের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতিকে দায়ী করছে কিউবা। সম্প্রতি যুক্তরাষ্ট্র এমন একটি নির্বাহী আদেশ জারি করেছে, যা কিউবাকে তেল সরবরাহকারী দেশগুলোর ওপর উচ্চ শুল্ক আরোপের সুযোগ দেয়—ফলে ভেনেজুয়েলা ও মেক্সিকো থেকে তেল সরবরাহ ব্যাহত হয়েছে। রাশিয়ার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এটিকে কিউবার ওপর ‘চাপ প্রয়োগের’ প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন।


জ্বালানি সংকটের পাশাপাশি খাদ্য ও ওষুধের ঘাটতিও তীব্র হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় মেক্সিকো ইতোমধ্যে দুইটি জাহাজে ৮০০ টনের বেশি খাদ্য ও মানবিক সহায়তা পাঠিয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম জনগণের ক্ষতি করে এমন নিষেধাজ্ঞাকে অন্যায্য বলে মন্তব্য করেছেন।


সূত্র: সিসিএন