ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তির বিষয়বস্তু নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন নেতানিয়াহু।
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি নেতানিয়াহুর সপ্তম যুক্তরাষ্ট্র সফর। আগামী ১৮ ফেব্রুয়ারি ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই ইরানের কঠোর সমালোচক হলেও ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সম্ভাব্য আলোচনা নিয়ে ইসরায়েল তুলনামূলক কঠোর অবস্থান নিয়েছে এবং এ ধরনের সংলাপের বিষয়ে আপত্তি জানিয়েছে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শিগগিরই পুনরায় শুরু হতে পারে বলে তেহরান আশা করছে। একই সঙ্গে তিনি ইরানের ‘সীমারেখা’ তুলে ধরে সম্ভাব্য কোনো মার্কিন হামলার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন।