বুড়িচংয়ে খাস জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ
কুমিল্লার বুড়িচং উপজেলা-এর বাকশীমূল ইউনিয়নে খাস জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে একাধিক স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম চললেও ভূমি অফিসের কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে জানা যায়, বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর, গুচ্ছগ্রাম, জামতলা, কালিকৃঞ্চনগর, গদানর, জঙ্গলবাড়ি, পাহাড়পুর ও খারেরা এলাকায় বিস্তীর্ণ খাস জমি, পাহাড়, টিলা ও বনাঞ্চল রয়েছে। অভিযোগ রয়েছে, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে এসব সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ করছেন।
এ ছাড়া পুকুর খননের নামে জমির উপরিভাগের মাটি বিক্রির অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। আনন্দপুর বড় মাঠসংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, তারা মিয়া, তার ছেলে সাইফুল ইসলাম ও প্রবাসী আরিফ হোসেন খাস জমি দখল করে পাকা ভবন নির্মাণ করছেন।