সোমবার , ২৭ এপ্রিল ২০২৬
সোমবার , ২৭ এপ্রিল ২০২৬
হোমসারা দেশ‘জেল খাটার কৌতূহলেই’ শিশু হোসাইনকে হত্যা, নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর তথ্য

‘জেল খাটার কৌতূহলেই’ শিশু হোসাইনকে হত্যা, নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর তথ্য

favicon
ভোরের আলো ডেস্ক:
‘জেল খাটার কৌতূহলেই’ শিশু হোসাইনকে হত্যা, নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর তথ্য

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সি শিশু হোসাইন-কে তারই সমবয়সি কয়েকজন কিশোর বন্ধু নির্মমভাবে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের পেছনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—‘জেল খাটার কৌতূহল’ থেকেই তারা এই পরিকল্পিত অপরাধে জড়িয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, নিহত হোসাইন তার বাবার সঙ্গে শহরে ফুল বিক্রি করত। গত ১৮ এপ্রিল সকাল থেকে সে নিখোঁজ ছিল। পরে জানা যায়, ফতুল্লা রেলস্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে আড্ডা ও মাদক সেবনে অভ্যস্ত কয়েকজন কিশোর তাকে ডেকে নিয়ে হত্যা করে।

পুলিশ সুপার আরও জানান, অভিযুক্তরা নিজেদের মধ্যে আলোচনা করে ‘খুন করলে জেলে যেতে হয়’—এই অভিজ্ঞতা নেওয়ার কৌতূহল থেকেই হত্যার পরিকল্পনা করে। পরে হোসাইনকে গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে নির্দিষ্ট স্থানে নেওয়া হয় এবং সেখানে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়। এরপর মরদেহ পরিত্যক্ত বাড়িতে ফেলে তারা পালিয়ে যায়।

গত ২৪ এপ্রিল হোসাইনের মরদেহ উদ্ধারের পর অভিযান শুরু করে পুলিশ। পরে ২৫ এপ্রিল ইয়াসিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও পাঁচ কিশোরকে আটক করা হয়। এ ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে চারজন এজাহারভুক্ত।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি ইয়াসিন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো একজন পলাতক রয়েছে।