বৃহস্পতিবার , ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ০৯ জুলাই ২০২৬
হোমবিশ্বখামেনির শেষ বিদায়ে ইরাকে পেজেশকিয়ান, নাজাফে রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ গ্রহণ

খামেনির শেষ বিদায়ে ইরাকে পেজেশকিয়ান, নাজাফে রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ গ্রহণ

favicon
ভোরের আলো ডেস্ক:
খামেনির শেষ বিদায়ে ইরাকে পেজেশকিয়ান, নাজাফে রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ গ্রহণ

ইরানের ইসলামী বিপ্লবের প্রয়াত নেতা আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরাক সফর করেছেন দেশটির রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। খামেনির মরদেহ নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি উপস্থিত ছিলেন।


বুধবার (৮ জুলাই) নাজাফ ও পবিত্র নগরী কারবালায় খামেনির জানাজার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বিপুলসংখ্যক শিয়া মুসল্লির অংশগ্রহণের আশা করা হচ্ছে। অনুষ্ঠান উপলক্ষে ইরাক সরকার দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করেছে।


সফরের অংশ হিসেবে রাষ্ট্রপতি পেজেশকিয়ান বাগদাদে প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন। বৈঠকে খামেনির শেষ বিদায় অনুষ্ঠান আয়োজনের জন্য ইরাক সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


পেজেশকিয়ান বলেন, ইরাকের এই আয়োজন দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের প্রতিফলন এবং মুসলিম ঐক্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। একই সঙ্গে তিনি দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে ইরাকের প্রধানমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানান।


বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। পেজেশকিয়ান আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। আন্তর্জাতিক চুক্তির প্রসঙ্গে তিনি বলেন, অতীতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি রক্ষা না করলেও ইরান নিজস্ব অঙ্গীকার ও আন্তর্জাতিক সমঝোতা মেনে চলবে।


অন্যদিকে প্রধানমন্ত্রী আলী আল-জাইদি বলেন, খামেনির জানাজায় অংশগ্রহণকে ইরাকি সরকার ও জনগণ নৈতিক ও ধর্মীয় দায়িত্ব হিসেবে বিবেচনা করছে। তিনি প্রয়াত ইরানি নেতাকে ইসলামী বিশ্বের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন এবং পারস্পরিক শ্রদ্ধা ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের ভিত্তিতে ইরানের সঙ্গে কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।