যুক্তরাষ্ট্রের চাপে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান স্থগিত করল ইসরাইল
যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপের পর দক্ষিণ লেবাননে পরিচালিত একটি সংবেদনশীল সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহে ইতালির রাজধানী রোমে লেবানন ও ইসরাইলের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যেই সামরিক তৎপরতা সীমিত করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া আলোচনার অংশ হিসেবে দক্ষিণ লেবাননের কয়েকটি পরীক্ষামূলক এলাকা থেকে ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহারের উদ্যোগও নেওয়া হতে পারে বলে জানা গেছে।
তবে কোন ধরনের সামরিক অভিযান স্থগিত করা হয়েছে কিংবা কোন কোন এলাকা থেকে সেনা সরানো হবে—এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
বিশ্লেষকদের মতে, সীমান্তে উত্তেজনা প্রশমিত করা এবং কূটনৈতিক আলোচনার জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সূত্র:সামা টিভি।