ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭, আহত ৬০-এর বেশি
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬০ জনেরও বেশি। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে শহরের চাতুচাক এলাকায় অবস্থিত বারটিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৯ জন পুরুষ এবং ১৮ জন নারী রয়েছেন। এছাড়া কয়েকজন এখনও নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ১২টার কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। সে সময় আতঙ্কিত মানুষজন প্রাণ বাঁচাতে বার থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বারটির ভেতর থেকে দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়তে এবং আতঙ্কে মানুষকে ছোটাছুটি করতে দেখা গেছে। এ সময় বেশ কয়েকজন আগুনে দগ্ধ হন।
প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এরই মধ্যে ঘটনাস্থল থেকে ২৭ জনের ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের একজন আগুন দেখতে পেয়ে জরুরি সেবায় ফোন করার পাশাপাশি জানালার কাচ ভেঙে অন্তত দুজনকে উদ্ধার করেন।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।