রাশিয়ার তেল আমদানির জেরে ভারতসহ পাঁচ দেশের ওপর ১০০% শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রে
রাশিয়া থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানি অব্যাহত রাখা দেশগুলোর ওপর চাপ বাড়াতে নতুন নিষেধাজ্ঞা বিলের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবিত এ বিলে ভারত, চীন, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও আজারবাইজান থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিধান রাখা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) প্রস্তাবিত বিল সম্পর্কে কথা বলেন মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। তিনি জানান, রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করা প্রধান কয়েকটি দেশের জন্য নির্দিষ্ট হারে শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে, যার সর্বোচ্চ হার ১০০ শতাংশ হতে পারে। তবে বিশেষ পরিস্থিতিতে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার সুযোগও রাখা হয়েছে।
প্রস্তাবিত বিলে শুধু রাশিয়ার তেল আমদানিকারক নয়, দেশটি থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি অব্যাহত রাখা রাষ্ট্রগুলোর বিরুদ্ধেও অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
এর আগে গত বছর রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম একটি বিল উত্থাপন করেছিলেন, যেখানে রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর পণ্যের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব ছিল। যদিও সেই বিলটি আইনে পরিণত হয়নি। নতুন প্রস্তাবটিকে ওই বিলের সংশোধিত ও তুলনামূলক নমনীয় সংস্করণ হিসেবে দেখা হচ্ছে।
মার্কিন সিনেট সূত্রে জানা গেছে, সংশোধিত বিলটির পক্ষে ইতোমধ্যে ২৬ জন সিনেটর সমর্থন জানিয়েছেন। সামনে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি অতীতেও আদালতের চ্যালেঞ্জের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত রায় দিয়েছিল, জাতীয় জরুরি অবস্থার আইন ব্যবহার করে বিভিন্ন দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ আইনসম্মত নয়। এরপর সাময়িকভাবে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হলেও সেটিও আদালতের বাধার মুখে পড়ে।
এই পরিস্থিতিতে আবারও ভারতসহ কয়েকটি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের নতুন উদ্যোগ যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।