অভিবাসন অভিযানে মৃত্যুর প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে আইসিইবিরোধী বিক্ষোভ
যুক্তরাষ্ট্রে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)-এর বিরুদ্ধে আবারও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক অভিবাসন অভিযান চলাকালে কয়েকজনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভকারীরা আইসিই বিলুপ্তির দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (১৫ জুলাই) হিউস্টন, বোস্টন, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস এবং মেইনসহ বিভিন্ন শহরে শত শত মানুষ বিক্ষোভে অংশ নেন। তাদের অভিযোগ, অভিবাসন অভিযান পরিচালনার সময় জাতিগত পরিচয়ের ভিত্তিতে মানুষকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
বিক্ষোভকারীরা আইসিইর কার্যক্রমের সমালোচনা করে বলেন, সংস্থাটির অভিযানের কারণে অভিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তারা অভিবাসন নীতিতে পরিবর্তন এবং আইসিইর কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।
এদিকে, টেক্সাস ও মেইনে পৃথক দুটি ট্রাফিক চেকপোস্টে দুজনের মৃত্যুর ঘটনার পর আইসিই দেশজুড়ে অধিকাংশ যানবাহন থামিয়ে পরিচালিত অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে অভিবাসন আইন প্রয়োগ সংক্রান্ত অভিযানে অন্তত সাতজন নিহত হয়েছেন। এসব ঘটনার পর যুক্তরাষ্ট্রজুড়ে আইসিইর কার্যক্রম ও অভিবাসন নীতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।