নেপালের প্রধানমন্ত্রীকে ‘নেপালি হিটলার’ বললেন জেএসপি নেতা মহান্থ ঠাকুর
নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র (বালেন) শাহের নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করে তাকে ‘নেপালি হিটলার’ বলে অভিহিত করেছেন জনতা সমাজবাদী পার্টির (জেএসপি) জাতীয় পরিষদের সদস্য মহান্থ ঠাকুর।
বুধবার জাতীয় পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তার দাবি, সরকারের আন্তরিকতার অভাবে সাধারণ মানুষের মধ্যে হতাশা বাড়ছে এবং প্রশাসনিক কার্যক্রমও অকার্যকর হয়ে পড়েছে।
মহান্থ ঠাকুরের অভিযোগ, সরকারের বিভিন্ন পদক্ষেপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, যার ফলে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখা দিচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডেও হস্তক্ষেপ করা হচ্ছে বলে তিনি দাবি করেন। তার ভাষ্য, বিভিন্ন স্থানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠছে।
শিক্ষা ও স্বাস্থ্য খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জেএসপি নেতা। তিনি বলেন, বোর্ডিং স্কুল ও নার্সিং হোমগুলোর বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান লাখো শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তার মতে, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতকে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল রাখা বাস্তবসম্মত নয়।
সরকারপ্রধানকে উদ্দেশ করে মহান্থ ঠাকুর বলেন, **“তাকে আমরা কী বলব—নেপালি স্বৈরশাসক, নাকি নেপালি হিটলার? তিনি এমন অবস্থায় পৌঁছেছেন যেখানে তিনি যা বলেন, সেটাই যেন আইন। এভাবে দেশকে আরও সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।”**
এ ছাড়া তিনি অভিযোগ করেন, সরকার সংগঠিত বিভিন্ন প্রতিষ্ঠান, ট্রেড ইউনিয়ন ও ছাত্রসংগঠনের কার্যক্রম সীমিত বা নিষিদ্ধ করার চেষ্টা করছে। এসব পদক্ষেপ গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।
গণতান্ত্রিক প্রতিষ্ঠান পরিচালনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মহান্থ ঠাকুর বলেন, বর্তমান শাসনব্যবস্থা দেশকে ভুল পথে নিয়ে যাচ্ছে।
**সূত্র: এএনআই**