ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীর
ইরান-সমর্থিত ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম এক কোটি মার্কিন ডলার ঘোষণা করেছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী, এর মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৩ কোটি টাকা।
সংগঠনটি এক বিবৃতিতে দাবি করেছে, ট্রাম্পকে হত্যা করতে সক্ষম ব্যক্তি বা গোষ্ঠীকে এই অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে। তাদের ভাষ্য, সংগঠনের সদস্য ও সমর্থকদের অনুদানের অর্থ থেকেই এ পুরস্কারের তহবিল গঠন করা হয়েছে।
বিবৃতিতে ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে বলা হয়, বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করতে চেষ্টা চালিয়ে যাবে। একই সঙ্গে তারা দাবি করে, নিহত যোদ্ধাদের প্রতিশোধ নেওয়া তাদের জন্য একটি ‘বাধ্যতামূলক অঙ্গীকার’।
এদিকে, **গালফ নিউজ**–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে ট্রাম্প ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস হত্যাকাণ্ডে নিজের ভূমিকার কথা উল্লেখ করেন।
সাম্প্রতিক এই ঘোষণাকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা।