মার্কিন হামলার জেরে ইসলামাবাদ সমঝোতার সব প্রতিশ্রুতি স্থগিত করল ইরান
যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক হামলার প্রেক্ষাপটে ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় নিজেদের সব প্রতিশ্রুতি স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজকে দেওয়া বক্তব্যে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্র সমঝোতার আওতায় থাকা নিজেদের সব প্রতিশ্রুতি লঙ্ঘন ও স্থগিত করেছে। এর জবাবে তেহরানও ওই সমঝোতার অধীন নিজেদের সব অঙ্গীকার এবং বাস্তবায়ন কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
গারিবাবাদি জানান, বর্তমান পরিস্থিতিতে ইরানের প্রধান অগ্রাধিকার হলো চলমান মার্কিন হামলার মুখে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করা।
এর আগে ইরানের কর্মকর্তারা একাধিকবার অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্র ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতার শর্ত মানছে না। একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছিলেন, আগ্রাসন অব্যাহত থাকলে তেহরানও চুক্তির আওতায় নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন বন্ধ করবে।
সর্বশেষ ঘোষণার মাধ্যমে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে জানানো হলো যে, ইরান আর ইসলামাবাদ সমঝোতার কোনো ধারা বাস্তবায়ন করবে না।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। চলমান এই সংঘাতের মধ্যেই ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা কার্যত অকার্যকর হয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।