সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › স্পেনে ফের তাপপ্রবাহের সতর্কতা, ৪৫ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা

স্পেনে ফের তাপপ্রবাহের সতর্কতা, ৪৫ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা

favicon
ভোরের আলো ডেস্ক:
স্পেনে ফের তাপপ্রবাহের সতর্কতা, ৪৫ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা

স্পেনে আগামী মঙ্গলবার (২১ জুলাই) থেকে চলতি গ্রীষ্মের তৃতীয় তাপপ্রবাহ শুরু হতে পারে বলে সতর্ক করেছে দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা (এইএমইটি)। পূর্বাভাস অনুযায়ী, দেশের বিস্তীর্ণ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করবে এবং কিছু এলাকায় তা ৪৫ ডিগ্রিরও বেশি হতে পারে।


এইএমইটির এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর আফ্রিকা থেকে আসা শুষ্ক ও উষ্ণ বায়ু দীর্ঘস্থায়ী উচ্চচাপ বলয়ের কারণে স্পেনের ওপর স্থির হয়ে থাকায় কয়েকদিন ধরে অস্বাভাবিক গরম বিরাজ করবে।


আবহাওয়াবিদদের মতে, ২৩ জুলাই পর্যন্ত তাপপ্রবাহের তীব্রতা ধীরে ধীরে বাড়বে এবং বৃহস্পতিবার এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। বিচ্ছিন্ন কিছু এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।


জাতীয় আবহাওয়া সংস্থা আরও জানিয়েছে, দিনের মধ্যভাগে তাপমাত্রাজনিত স্বাস্থ্যঝুঁকি সবচেয়ে বেশি থাকবে। বিশেষ করে বাইরে কর্মরত ব্যক্তি, বয়স্ক মানুষ, শিশু এবং শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


চলতি গ্রীষ্মে এটি হবে স্পেনের তৃতীয় তাপপ্রবাহ। এর আগে জুনের শেষ দিকে এবং জুলাইয়ের শুরুতে দেশটি আরও দুটি তীব্র তাপপ্রবাহের মুখোমুখি হয়, যার মধ্যে প্রথমটি ইউরোপজুড়ে একাধিক তাপমাত্রার রেকর্ড ভেঙেছিল।


এইএমইটির তথ্য অনুযায়ী, ১৯৬১ সালে রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর এবারই স্পেনের মূল ভূখণ্ডে গ্রীষ্মের প্রথমার্ধ সবচেয়ে উষ্ণ ছিল। ১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত দেশের গড় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৯১–২০২০ সময়কালের গড়ের তুলনায় ৩ দশমিক ৩ ডিগ্রি বেশি।


বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহের স্থায়িত্ব, তীব্রতা এবং পুনরাবৃত্তির হার বাড়ছে। অতিরিক্ত গরমে বনাঞ্চল শুকিয়ে যাওয়ায় দাবানলের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।


উল্লেখ্য, চলতি মাসের শুরুতে স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে ১৩ জনের মৃত্যু হয়, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশটির অন্যতম প্রাণঘাতী দাবানলের ঘটনা।