নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি সুযোগ খতিয়ে দেখছেন নিউইয়র্কের মেয়র
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের সম্ভাবনাকে সামনে রেখে তাকে গ্রেপ্তারের কোনো আইনগত সুযোগ রয়েছে কি না, তা পর্যালোচনা করছে নিউইয়র্ক সিটি প্রশাসন।
দ্য নিউইয়র্ক টাইমসের **‘দ্য ইন্টারভিউ’** অনুষ্ঠানে লুলু গার্সিয়া-নাভারোকে দেওয়া সাক্ষাৎকারে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেন, তার বিশ্বাস নেতানিয়াহুর জায়গা নেদারল্যান্ডসের দ্য হেগে।
মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার মতে, গত কয়েক বছরের ঘটনাপ্রবাহের পর অনেকেই মনে করেন, এসব অভিযোগের বিচার হওয়া উচিত।
তবে তিনি স্বীকার করেন, নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে নিজ উদ্যোগে পুলিশকে নির্দেশ দিয়ে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানকে আটক করার আইনগত ক্ষমতা তার রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
এ বিষয়ে তিনি জানান, নিউইয়র্ক সিটির আইন বিভাগের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের আইন এবং স্থানীয় প্রশাসনের ক্ষমতার আওতায় এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।