ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের ঘটনায় শোক প্রকাশ ট্রাম্পের
জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।
আমেরিকান গণমাধ্যম **নিউ ন্যাশন**-কে দেওয়া এক ফোন সাক্ষাৎকারের বরাত দিয়ে রোববার (১৯ জুলাই) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ট্রাম্প বলেন, ইরানের হামলায় মার্কিন সেনাদের প্রাণহানির ঘটনা গভীরভাবে দুঃখজনক। তিনি পুনর্ব্যক্ত করেন, যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জনের সুযোগ দেবে না।
গত শুক্রবার (১৭ জুলাই) জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত হন। এ ঘটনায় আরও একজন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন।
অন্যদিকে, ইরানের শীর্ষ সামরিক কমান্ডার আলী আবদুল্লাহি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা সামরিক পদক্ষেপের জবাব দেশটির সশস্ত্র বাহিনী ‘চূড়ান্ত ও বিধ্বংসী’ভাবে দেবে।
এদিকে কুয়েতের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি জানিয়েছে, ইরানের হামলায় তাদের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।