সোমবার , ২০ জুলাই ২০২৬
সোমবার , ২০ জুলাই ২০২৬
হোমবিশ্বট্রুথ সোশ্যালের পোস্ট আগে দেখার সেবায় মাসে ১ লাখ ডলার নেওয়ার পরিকল্পনা ছিল: রয়টার্স

ট্রুথ সোশ্যালের পোস্ট আগে দেখার সেবায় মাসে ১ লাখ ডলার নেওয়ার পরিকল্পনা ছিল: রয়টার্স

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্রুথ সোশ্যালের পোস্ট আগে দেখার সেবায় মাসে ১ লাখ ডলার নেওয়ার পরিকল্পনা ছিল: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম **ট্রুথ সোশ্যাল**-এর পোস্ট সাধারণ ব্যবহারকারীদের আগে দেখার সুযোগ দিতে ওয়াল স্ট্রিটের ট্রেডার ও বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে মাসে সর্বোচ্চ ১ লাখ মার্কিন ডলার পর্যন্ত নেওয়ার পরিকল্পনা করেছিল ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি)। সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে আলোচনা গোপন থাকায় সংশ্লিষ্ট সূত্রগুলোর পরিচয় প্রকাশ করা হয়নি। তাদের দাবি, তিন বছরের চুক্তিতে যুক্ত হলে মাসিক ৬০ হাজার ডলারের একটি বিশেষ প্যাকেজের প্রস্তাবও দিয়েছিল প্রতিষ্ঠানটি।


এর আগে বৃহস্পতিবার (১৬ জুলাই) টিএমটিজি অর্থের বিনিময়ে **‘ট্রুথ এপিআই’** নামে একটি ডেটা সেবা চালুর ঘোষণা দেয়। এ সেবার মাধ্যমে ব্যাংক ও ট্রেডিং প্রতিষ্ঠানগুলো ট্রুথ সোশ্যালের সবচেয়ে প্রভাবশালী ১০টি অ্যাকাউন্টের পোস্ট দ্রুততম সময়ে পাওয়ার সুযোগ পাবে। তবে এ সেবার মূল্য সম্পর্কে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।


বিশ্লেষকদের মতে, ডেটা লাইসেন্সিং খাতে এটিই টিএমটিজির প্রথম বড় উদ্যোগ। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি নতুন আয়ের উৎস তৈরি করতে চায়।


তবে সেবাটি ঘোষণার পরই সমালোচনা শুরু হয়। ওরেগনের ডেমোক্র্যাট সিনেটর রন ওয়াইডেন অভিযোগ করেন, এ উদ্যোগ ট্রাম্প পরিবারের আর্থিক সুবিধা বাড়ানোর পাশাপাশি ওয়াল স্ট্রিটের বড় ট্রেডারদেরও অতিরিক্ত সুবিধা এনে দিতে পারে।