আরও দুই মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
যুক্তরাষ্ট্রের আরও দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দক্ষিণ ইরানে একটি গোয়েন্দা ড্রোন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আহভাজ শহরের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংস করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলে ভূপাতিত গোয়েন্দা ড্রোনটি ওই অঞ্চলের সামরিক কার্যক্রম পর্যবেক্ষণ ও নজরদারির কাজে ব্যবহৃত হচ্ছিল বলে আইআরজিসির দাবি।
আইআরজিসি আরও জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট আহভাজের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন লক্ষ্য করে সফলভাবে ভূপাতিত করেছে।
এদিকে, পশ্চিম ইরানে যুক্তরাষ্ট্রের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।