সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › নিহত মার্কিন সেনাদের প্রতি শোক জানালেন মার্কো রুবিও

নিহত মার্কিন সেনাদের প্রতি শোক জানালেন মার্কো রুবিও

favicon
ভোরের আলো ডেস্ক:
নিহত মার্কিন সেনাদের প্রতি শোক জানালেন মার্কো রুবিও

ইরানের সঙ্গে চলমান সংঘাতে নিহত মার্কিন সেনাদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, সামরিক বাহিনীর কোনো দায়িত্বই সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয় এবং দেশের সেবায় নিয়োজিত সাহসী সেনাসদস্যদের প্রতি জাতি কৃতজ্ঞ।


রোববার (১৯ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও জানান, উত্তর ইরাকে শনিবার এক মার্কিন সেনার মৃত্যু একটি দুর্ঘটনার ফল। তার ভাষ্য, ভূপাতিত একটি ইরানি ড্রোন নিষ্ক্রিয় করার সময় ওই সেনা প্রাণ হারান।


রুবিও বলেন, “সামরিক বাহিনীর কোনো কাজই পুরোপুরি নিরাপদ নয়। প্রতিটি দায়িত্বেই ঝুঁকি থাকে। তারপরও দেশের সেবায় আমাদের সাহসী নাগরিকরা ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করছেন, এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”


এর আগে শুক্রবার জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হন। ওই ঘটনার বিষয়ে রুবিও বলেন, অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হলেও একটি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তিনি এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেন।


নিহত সেনাসদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি তাদের পরিবারের সদস্যদের জন্য এবং নিহতদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করছেন।


প্রায় পাঁচ মাস ধরে চলমান ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে এখন পর্যন্ত ১৭ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও চার শতাধিক সেনাসদস্য।