বুধবার , ২২ জুলাই ২০২৬
বুধবার , ২২ জুলাই ২০২৬
হোমবিশ্বইরানে মার্কিন অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন প্রধানমন্ত্রী বার্নহ্যাম

ইরানে মার্কিন অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন প্রধানমন্ত্রী বার্নহ্যাম

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানে মার্কিন অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন প্রধানমন্ত্রী বার্নহ্যাম

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। এর মাধ্যমে এ বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের গৃহীত নীতিই বহাল থাকল।


ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ জুলাই যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পুনরায় শুরুর পর পরিস্থিতি পর্যালোচনায় জ্যেষ্ঠ মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠকে সভাপতিত্ব করেন বার্নহ্যাম। সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, ওই বৈঠকেই যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


তবে এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।


এর আগে ২০২৬ সালের মার্চে যুক্তরাষ্ট্রের অনুরোধে ইরানে হামলার জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে প্রথমে অনীহা প্রকাশ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছিলেন, যেকোনো সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও আইনি শর্ত পূরণ সাপেক্ষে হতে হবে।


তবে পরে ইরান ব্রিটেনের আঞ্চলিক মিত্রদের ওপর হামলা চালানোর পর স্টারমার অবস্থান পরিবর্তন করেন। এরপর যুক্তরাষ্ট্রকে ইংল্যান্ডের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি এবং ভারত মহাসাগরে অবস্থিত যৌথ যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হয়।


এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সতর্ক করে বলেছেন, ইরান যদি বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করা বা অঞ্চলের বিভিন্ন দেশের ওপর হামলা অব্যাহত রাখে, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক জবাব দেবে।