বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
হোমবিশ্বজিতলে আমাকে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী বানিও: শাহবাজকে নওয়াজের রসিকতা

জিতলে আমাকে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী বানিও: শাহবাজকে নওয়াজের রসিকতা

favicon
ভোরের আলো ডেস্ক:
জিতলে আমাকে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী বানিও: শাহবাজকে নওয়াজের রসিকতা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ বলেছেন, আসন্ন আজাদ কাশ্মীর নির্বাচনে তার দল জয়ী হলে তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অনুরোধ করবেন যেন তাকে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী করা হয়।


মঙ্গলবার (২১ জুলাই) মুজাফফরাবাদে এক নির্বাচনী সমাবেশে রসিকতার ছলে এ মন্তব্য করেন নওয়াজ শরিফ। এ সময় তার সঙ্গে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ।


সমাবেশে নওয়াজ বলেন, আজাদ কাশ্মীর তার কাছে দ্বিতীয় বাড়ির মতো। নির্বাচনে পিএমএল-এন ক্ষমতায় এলে তিনি প্রতি তিন মাস অন্তর সেখানে গিয়ে উন্নয়ন কার্যক্রম নিজেই তদারকি করবেন। পাশাপাশি, আজাদ কাশ্মীরের বাজেট বর্তমানের তুলনায় দশগুণ বাড়ানোর প্রতিশ্রুতিও দেন তিনি।


এ ছাড়া মুজাফফরাবাদের মানুষের যাতায়াত ও স্বাস্থ্যসেবা উন্নয়নে দ্রুত ১০টি আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস এবং ১৫টি ভ্রাম্যমাণ হাসপাতাল চালুর ঘোষণা দেন নওয়াজ শরিফ।


অন্যদিকে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বলেন, তিনি শুধু অতিথি হিসেবে নয়, জন্মসূত্রেই একজন কাশ্মীরি। তিনি দাবি করেন, পিএমএল-এন নির্বাচিত হলে আজাদ কাশ্মীরের মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক পরিবর্তন আনা হবে।


তিনি তরুণদের জন্য দুই হাজার শিক্ষাবৃত্তি ও ল্যাপটপ বিতরণের ঘোষণা দেন। পাশাপাশি সহজ শর্তে আবাসন সুবিধা এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন।


আগামী ২৭ জুলাই আজাদ কাশ্মীরের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনী প্রচারণায় বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায়ে মাঠে রয়েছে পিএমএল-এন।