নীট প্রশ্নপত্র ফাঁসের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি নিজের পদত্যাগের ঘোষণা দেন। খবর এনডিটিভির।
সিজেপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফার বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগে দেওয়া ওই পোস্টে ধর্মেন্দ্র প্রধান বলেন, দেশের তরুণদের আকাঙ্ক্ষা, অনুভূতি এবং ন্যায্য প্রত্যাশার প্রতি তিনি গভীর শ্রদ্ধাশীল। তিনি বলেন, ভারতের তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নই তাদের রাজনৈতিক ও সামাজিক জীবনের নৈতিক অঙ্গীকার।
পদত্যাগ বার্তায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, দূরদর্শী নেতৃত্বের অধীনে দেশসেবার সুযোগ পাওয়ায় তিনি কৃতজ্ঞ।
গত এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে আসা শিক্ষার্থীদের অন্যতম প্রধান দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আন্দোলনকারীদের অভিযোগ, নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের ব্যর্থতার দায় শিক্ষামন্ত্রীকে নিতে হবে।
এর আগে শনিবার সকালে ককক্রোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়ে দেয়, ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ না করা হলে সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা হবে না।
আন্দোলনকারীদের তিনটি প্রধান দাবি ছিল—ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং নীট প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করা।