ক্যাস্পিয়ান সাগরে রুশ যুদ্ধজাহাজ ও ইরান-সংশ্লিষ্ট জাহাজে হামলার দাবি জেলেনস্কির
ক্যাস্পিয়ান সাগরে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ এবং ইরান-সংশ্লিষ্ট সামরিক পণ্য পরিবহনে ব্যবহৃত কয়েকটি কার্গো জাহাজে সফল হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। এ দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর রয়টার্স ও বিবিসির।
শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, দীর্ঘপাল্লার হামলার মাধ্যমে ক্যাস্পিয়ান সাগরে ইউক্রেন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
তিনি লেখেন, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ইরান-সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত জাহাজও ছিল। তবে অভিযানে কোন কোন জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, হামলা ঠিক কখন চালানো হয়েছে বা কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে—এসব বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।
রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে হামলার দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
রাশিয়া ও ইরানের সামরিক সহযোগিতা নিয়ে দীর্ঘদিন ধরেই পশ্চিমা দেশগুলোর উদ্বেগ রয়েছে। ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের অভিযোগ, ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের তৈরি ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জাম ব্যবহার করছে। যদিও মস্কো ও তেহরান এ ধরনের অভিযোগ বিভিন্ন সময়ে অস্বীকার করেছে।