মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্বএইচ-১বি ভিসা ফি ১ লাখ ডলার করার প্রস্তাব খারিজ করল মার্কিন আদালত

এইচ-১বি ভিসা ফি ১ লাখ ডলার করার প্রস্তাব খারিজ করল মার্কিন আদালত

favicon
ভোরের আলো ডেস্ক:
এইচ-১বি ভিসা ফি ১ লাখ ডলার করার প্রস্তাব খারিজ করল মার্কিন আদালত

বিদেশি দক্ষ কর্মীদের জন্য এইচ-১বি ভিসার আবেদন ফি ১ লাখ মার্কিন ডলার নির্ধারণের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। আদালত রায়ে বলেছেন, ট্রাম্প প্রশাসনের নেওয়া এই সিদ্ধান্তের যথাযথ আইনি ভিত্তি নেই।


যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (২৪ জুলাই) দেওয়া রায়ে আদালত উল্লেখ করেন, এইচ-১বি ভিসা ফি অস্বাভাবিকভাবে বাড়ানোর সিদ্ধান্ত আইনসম্মত নয় এবং তা কার্যকর রাখা যাবে না।


এর আগে গত ৮ জুন বোস্টনের ইউএস সার্কিট কোর্ট অব অ্যাপিলসও এই নীতিকে খারিজ করে দেয়। ডেমোক্র্যাট-সমর্থিত ২০ জন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল যৌথভাবে আদালতে আবেদন করে দাবি করেন, কংগ্রেসের অনুমোদন ছাড়াই একতরফাভাবে এত বড় অঙ্কের ফি নির্ধারণ করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের আইন ও প্রশাসনিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।


তিন বিচারকের বেঞ্চ আবেদনকারীদের যুক্তির সঙ্গে একমত হয়ে ফি বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের পক্ষে রায় দেন।


মামলায় ক্যালিফোর্নিয়াসহ ২০টি অঙ্গরাজ্য যুক্তি দেয়, ১ লাখ ডলারের আবেদন ফি কার্যকর হলে সরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষক ও গবেষক নিয়োগ কঠিন হয়ে পড়বে। পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতে বিদেশি চিকিৎসক ও দক্ষ কর্মী নিয়োগেও বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে, যা গবেষণা ও জনসেবায় নেতিবাচক প্রভাব ফেলবে।


উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই এইচ-১বি ভিসার আবেদন ফি ১ লাখ মার্কিন ডলার নির্ধারণের ঘোষণা দেন।


সর্বশেষ রায়ের পর হোয়াইট হাউস জানিয়েছে, তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করবে। তবে আদালতের এই রায়কে স্বস্তিদায়ক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ার বহু আন্তর্জাতিক পেশাজীবী।