রবিবার , ২৬ জুলাই ২০২৬
রবিবার , ২৬ জুলাই ২০২৬
হোমবিশ্বগাজায় ইসরায়েলি হামলায় হামাসের নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তা নিহত

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তা নিহত

favicon
ভোরের আলো ডেস্ক:
গাজায় ইসরায়েলি হামলায় হামাসের নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তা নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় হামাস-নিয়ন্ত্রিত ফিলিস্তিনি অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা ও তার সহযোগী নিহত হয়েছেন।


রোববার (২৬ জুলাই) গাজার দেইর আল-বালাহ শহরে চালানো ওই হামলায় নিহত হন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান কর্নেল ওয়ায়েল আল-লেদাওয়ি এবং তার সহযোগী মেজর রামেজ আবু জারাইক।


বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে চিকিৎসাকর্মী ও হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, হামলার সময় তারা একটি গাড়িতে করে দেইর আল-বালাহ এলাকা দিয়ে যাচ্ছিলেন।


এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামাসের একজন যোদ্ধাকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে। তবে নিহত ব্যক্তিদের পরিচয় বা অভিযানের বিস্তারিত বিষয়ে তারা কোনো অতিরিক্ত তথ্য প্রকাশ করেনি।


গত কয়েক মাসে গাজায় হামাস-নিয়ন্ত্রিত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বহু সদস্য এবং জ্যেষ্ঠ কর্মকর্তাকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের দাবি, এসব ব্যক্তির অনেকেই হামাসের সশস্ত্র শাখার সঙ্গে যুক্ত ছিলেন এবং ইসরায়েলি বাহিনীর জন্য তাৎক্ষণিক নিরাপত্তা হুমকি তৈরি করছিলেন।


অন্যদিকে হামাসের অভিযোগ, পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে গাজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে ফেলা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করাই ইসরায়েলের উদ্দেশ্য। সংগঠনটির দাবি, এসব হামলা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবরে কার্যকর হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তিরও লঙ্ঘন।