মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্গঠনের নির্দেশ পেজেশকিয়ানের
মার্কিন সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে রেল যোগাযোগ ব্যবস্থা ও আন্তর্জাতিক ট্রানজিট করিডোর দ্রুত পুনর্নির্মাণ এবং সচল করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
রোববার (২৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয় পরিদর্শনের সময় হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র পর্যালোচনা করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। এরপর ক্ষতিগ্রস্ত কৌশলগত অবকাঠামো দ্রুত পুনর্গঠন ও কার্যক্রম স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আঞ্চলিক যোগাযোগ ও অবকাঠামোগত সংযোগ সম্প্রসারণ ইরানের অন্যতম কৌশলগত অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে রেল নেটওয়ার্কের উন্নয়ন ও আন্তঃদেশীয় সংযোগ জোরদার করা প্রয়োজন।
পেজেশকিয়ান আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে পূর্ণাঙ্গ রেল সংযোগ প্রতিষ্ঠা করা গেলে তা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা শক্তিশালী করবে। পাশাপাশি আন্তর্জাতিক ট্রানজিট করিডোরের বিকাশ ত্বরান্বিত হবে এবং ইরানের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে ভূ-রাজনৈতিক সক্ষমতা আরও কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হবে।
তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পুনর্নির্মাণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করে পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক করার ওপর গুরুত্বারোপ করেন।