প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আইন সংশোধনের উদ্যোগ, লোকসভায় বিল ঘিরে তুমুল হট্টগোল
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে বিদ্যমান আইন আরও কঠোর ও কার্যকর করতে নতুন সংশোধনী বিল উত্থাপন করেছে ভারত সরকার। কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং লোকসভায় পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল-২০২৬ উপস্থাপন করেন। সরকারের দাবি, ২০২৪ সালের বিদ্যমান আইনে পরিবর্তন এনে দেশের সরকারি পরীক্ষা ব্যবস্থাকে আরও নিরাপদ ও স্বচ্ছ করাই এ বিলের মূল উদ্দেশ্য।
তবে বিলটি উত্থাপনের সঙ্গে সঙ্গেই বিরোধী দলের সংসদ সদস্যরা স্লোগান ও হট্টগোল শুরু করেন। এ সময় লোকসভার স্পিকার ওম বিড়লা সদস্যদের শান্ত থেকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিলটি নিয়ে সব রাজনৈতিক দলকে মতামত দেওয়ার জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ করা হবে।
স্পিকার আরও জানান, যেসব সদস্য বিলের বিভিন্ন ধারায় সংশোধনী আনতে চান, তারা নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের প্রস্তাব জমা দিতে পারবেন। তিনি বলেন, একাধিক দল আগেই বিষয়টি উত্থাপন করেছে এবং সংসদের উচিত এ সুযোগকে কাজে লাগিয়ে গঠনমূলক আলোচনা ও প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা।
তবে স্পিকারের বারবার আহ্বান সত্ত্বেও বিরোধী সদস্যদের হট্টগোল থামেনি। এ পরিস্থিতিতে লোকসভা ও রাজ্যসভা—উভয় কক্ষের কার্যক্রম প্রথমে দুপুর ২টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। পরে অধিবেশন পুনরায় শুরু হলেও বিক্ষোভ অব্যাহত থাকায় স্পিকার বিকেল ৫টা পর্যন্ত আবারও কার্যক্রম মুলতবি করেন।