অনিয়মের অভিযোগে মোড়েলগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি সাময়িক বরখাস্ত
দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতিকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ডা. কামাল হোসেন মুফতির বিরুদ্ধে হাসপাতাল পরিচালনায় অব্যবস্থাপনা, দুর্নীতির অভিযোগ এবং হাসপাতালের শৌচাগার থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধারের মতো একাধিক অনিয়মের অভিযোগ ওঠে।
এর আগে, গত শনিবার (২৫ জুলাই) তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। একই দিন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনও নানা অনিয়মের সত্যতা পান। পরবর্তীতে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডা. কামাল হোসেন মুফতির ব্যক্তিগত ক্লিনিক সিলগালা করা হয়।
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের সঙ্গে আপস করা হবে না।