জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
জাপানের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ জুলাই) দেশটির কুমামোতো প্রিফেকচারে এ ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করেছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)।
জেএমএর প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের ফলে উপকূলীয় এলাকায় প্রায় এক মিটার (৩ দশমিক ২৮ ফুট) উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে। এজন্য সংশ্লিষ্ট উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ভূমিকম্পের পর জাপান সরকার কিউশু দ্বীপের কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রিফেকচারের জন্য জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করেছে।
কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সম্ভাব্য আফটারশক ও সুনামির ঝুঁকি বিবেচনায় উপকূলীয় এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে।