রাজপরিবারের সঙ্গে সম্পর্ক জোড়ার চেষ্টা, মেগানকে চার্লসের শর্ত মানতে বলছেন হ্যারি:দাবি প্রতিবেদনের
ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে দীর্ঘদিনের দূরত্ব কমিয়ে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে রাজা তৃতীয় চার্লসের শর্ত মেনে নিতে স্ত্রী মেগান মার্কেলকে রাজি করানোর চেষ্টা করছেন প্রিন্স হ্যারি—এমন দাবি করা হয়েছে একটি নতুন প্রতিবেদনে।
বিনোদন ও লাইফস্টাইলবিষয়ক সংবাদমাধ্যম *হিট ওয়ার্ল্ড*-এর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে হাইগ্রোভ হাউসে রাজা চার্লসের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকের পর হ্যারি উপলব্ধি করেন, ভবিষ্যতে রাজপরিবারের সঙ্গে পুনর্মিলনের পথ রাজার নির্ধারিত শর্তের ওপরই নির্ভর করছে।
প্রতিবেদনে উদ্ধৃত একটি সূত্রের দাবি, রাজা চার্লস অতীতের বিরোধ ও ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে পারস্পরিক আস্থা পুনর্গঠনের বিষয়ে ধারাবাহিক ও বাস্তব পদক্ষেপ দেখতে চান। তিনি রাজপরিবারে শান্তিপূর্ণ সম্পর্ক ফিরিয়ে আনতে আগ্রহী হলেও, নির্ধারিত শর্তগুলো মানার বিষয়েও অনড় অবস্থানে রয়েছেন।
সূত্রটির ভাষ্য অনুযায়ী, চার্লস স্পষ্টভাবে জানিয়েছেন যে, তার শর্তগুলো উপেক্ষা করা হলে ভবিষ্যতে সম্পর্ক পুনর্গঠন বা রাজপরিবারে ফিরে আসার সুযোগ আরও কঠিন হয়ে যেতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হ্যারি বর্তমানে মেগানকে বোঝানোর চেষ্টা করছেন যে, রাজপরিবারের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে হলে তাদের আগের অবস্থান ও কৌশলে পরিবর্তন আনতে হবে। পরিবারের আস্থা ফিরে পেতে নিয়ম মেনে চলাই সবচেয়ে কার্যকর পথ বলে তিনি মনে করছেন।
তবে এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত বাকিংহাম প্যালেস কিংবা প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
উল্লেখ্য, ২০২০ সালে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। পরবর্তী সময়ে বিভিন্ন সাক্ষাৎকার ও প্রকাশনায় রাজপরিবার নিয়ে তাদের মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের সম্পর্কে টানাপোড়েন আরও বেড়ে যায়। বর্তমানে সম্পর্ক পুনর্গঠনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া শুরু হয়েছে—এমন তথ্যও এখনো নিশ্চিত হয়নি।