বুধবার , ২৯ জুলাই ২০২৬
বুধবার , ২৯ জুলাই ২০২৬
হোমবিশ্বজাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প: নিহত বেড়ে ১৩, আহত বহু, নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প: নিহত বেড়ে ১৩, আহত বহু, নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত

favicon
ভোরের আলো ডেস্ক:
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প: নিহত বেড়ে ১৩, আহত বহু, নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত

জাপানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বুধবার (২৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এপি নিউজের।


প্রধানমন্ত্রী জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে রাতভর অভিযান চালানো হয়েছে এবং উদ্ধারকাজ এখনও অব্যাহত রয়েছে। নিহতদের পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন এবং কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন।


মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো অঞ্চলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। কম্পনের পর একটি শপিং সেন্টারের অংশ ধসে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকের কারণে এ ধসের ঘটনা ঘটেছে। একই সময়ে একটি কাগজ কারখানার বিশাল চিমনিও ভেঙে পড়ে।


দেশটির দমকল বিভাগের তথ্য অনুযায়ী, কাশিমা শহরের এইয়ন মলের দ্বিতীয় তলা ধসে পড়ায় সেখানে বেশ কয়েকজন আটকা পড়েন। অন্যদিকে, নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের ইয়াতসুশিরো কারখানায় একটি চিমনি ধসে পড়ে। কুমামোতোর জরুরি উদ্ধারকারী দল জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।


জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, সম্ভাব্য ঝুঁকি এড়াতে ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে অধিকাংশই কুমামোতো প্রিফেকচারের বাসিন্দা। পাশাপাশি পাশের নাগাসাকি প্রিফেকচারের বাসিন্দাদেরও সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।


উল্লেখ্য, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাটি জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।