ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্সে ট্রাম্পের সম্মতি: জেলেনস্কি
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদনের লাইসেন্স দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এর ফলে দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও দ্রুত শক্তিশালী করা সম্ভব হবে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, চলতি মাসের শুরুতে তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের সময় এ বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা শুরু হয়।
তিনি বলেন, ‘আঙ্কারায় আমরা ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করি। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দ্রুত আরও বেশি প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন।’
জেলেনস্কির দাবি, পরবর্তীতে হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাবে সম্মতি দেন।
তিনি আরও জানান, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের কয়েকটি শীর্ষ প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে তার বৈঠক হয়েছে। সেখানে দুই দেশের যৌথ উদ্যোগে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
জেলেনস্কি বলেন, ‘আমি আশা করছি, আমরা যৌথ উৎপাদনে যেতে পারব।’
এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, ইউক্রেনের সবচেয়ে বড় প্রয়োজন অ্যান্টি-ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা ও অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তিনি জানান, এ বিষয়ে ইউক্রেনের প্রয়োজনীয়তার কথা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি